প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
ফেনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ফেনী, ২৭ এপ্রিল: ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক কাউন্সিলর মনির আহমদ বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মুরাদ জিলানি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক কোনো নিয়মনীতি অনুসরণ না করে নিজের ইচ্ছামতো শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন। পাশাপাশি নন-এমপিওভুক্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে বিপুল অর্থ আদায় করা হলেও তা বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। মাসে গড়ে ১০ দিনেরও কম উপস্থিত থাকলেও হাজিরা খাতায় একাধিক দিনের স্বাক্ষর করেন। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৭ হাজার ৮০০ টাকা করে আদায় করা হয়েছে, যার কোনো রসিদ দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।
প্রতিবাদ করায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গেলে প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীকে পাওয়া যায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিনি বর্তমানে হজ পালনের জন্য ছুটিতে রয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CS