
জামালপুরের দেওয়ানগঞ্জে এক সাবেক সেনাকর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. বাপ্পি মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার কাউনিয়ারচর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভুক্তভোগী সাবেক সেনাকর্মকর্তা আশরাফ হাসানের অভিযোগ, স্থানীয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে কনটেন্ট প্রকাশ করতেন। সম্প্রতি একটি সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ভিডিও প্রকাশের পর থেকেই অভিযুক্ত পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, ডাংধরা ইউনিয়নের একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে একটি ছাগল কিনে দিতে যান আশরাফ হাসান। কাউনিয়ারচর বাজার থেকে ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আশরাফ হাসানকে ঘিরে ধরে মারধর ও হট্টগোল করছেন। অভিযোগ উঠেছে, হামলায় নেতৃত্ব দেন ডাংধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বাপ্পি মিয়া।
আহত আশরাফ হাসানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ বলেন, “মানুষের উপকার করতে গিয়েই হামলার শিকার হয়েছি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কি অপরাধ?”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাপ্পি মিয়া হামলার ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানিয়েছে, যে প্রকল্প নিয়ে ভিডিও প্রকাশ করা হয়েছিল, সেখানে বিল সংক্রান্ত ত্রুটি ও অনিয়মের অভিযোগ পাওয়ায় প্রকল্পের বিল বর্তমানে স্থগিত রয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।