
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।