
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। নিহতরা সবাই ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, রডবোঝাই ট্রাকে অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল যানটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ট্রাকের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।