
পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকাসহ দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ বলেন, ঈদের দিন সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও আরও দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।