কুমিল্লার বুড়িচংয়ে আবারও মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিল পুলিশ। ঝটিকা অভিযানে ৩২৫ পিস ইয়াবাসহ সিফাত শান্ত (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বুড়িচং সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া–কুমিল্লা আঞ্চলিক সড়কে এ অভিযান চালানো হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি সিফাত—গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ওত পেতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, এসআই মো. জয়নুলের নেতৃত্বে এএসআই আবজল আহমেদ ও এএসআই আসাদ আলীসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সিফাতকে আটক করা হলে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩২৫ পিস ইয়াবা—যা স্থানীয় মাদক চক্রের সক্রিয়তার ইঙ্গিত দেয়।
গ্রেফতারকৃত সিফাত শান্ত উপজেলার জগতপুর এলাকার মৃত মিজবাউল হক লিটনের ছেলে বলে জানা গেছে।
বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “এ ধরনের অভিযান চলমান থাকবে—মাদক নির্মূলে কোনো ছাড় নেই।”