এতিমখানার অর্থে ‘একক নিয়ন্ত্রণ’? সাতক্ষীরায় মাদ্রাসা উপাধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও জবাবদিহিহীন পরিচালনার অভিযোগ সামনে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। ২০২২–২০২৩ ও ২০২৩–২০২৪ অর্থবছরের অডিটে নায়েবে মুহতামিম (উপাধ্যক্ষ) মাওলানা মঈনুদ্দীনের বিরুদ্ধে অর্থ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের তথ্য উঠে আসায় প্রতিষ্ঠানজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তথ্য বলছে, প্রতিষ্ঠান প্রধান অসুস্থ হয়ে পড়ার সুযোগে কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে কেন্দ্রীভূত করেন তিনি। পাঠদান, বোর্ডিং সুপার, কোষাধ্যক্ষ ও উপাধ্যক্ষ—একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একাই পালন করায় কার্যত পরিচালনা কমিটি অকার্যকর হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিল-ভাউচার উপস্থাপন না করেই ব্যাংক থেকে ১৮ লাখ ২৪ হাজার টাকা উত্তোলন এবং রসিদবিহীন ১১ লাখ টাকার বেশি আসবাব ক্রয় দেখানো হয়েছে। নির্মাণ ও জমি ক্রয় খাতেও কোটি টাকার ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানে ১৪টির বেশি কমিটি থাকলেও বাস্তবে তাদের কোনো কার্যক্রম নেই। শিক্ষক নিয়োগে যোগ্যতার বদলে ব্যক্তিগত প্রভাব ও সুবিধা প্রাধান্য পেয়েছে বলেও অভিযোগ রয়েছে। বকেয়া পাওনা চাইলে শিক্ষকদের হয়রানির অভিযোগে কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক চাকরি ছাড়েন।
প্রশ্ন উঠেছে—জনগণের অনুদানে পরিচালিত এতিমখানায় আর্থিক স্বচ্ছতা কোথায়, এবং কমিটিগুলো নিষ্ক্রিয় থাকল কেন। অভিযুক্ত মাওলানা মঈনুদ্দীন নিরীক্ষা প্রতিবেদন না পাওয়ার কথা জানালেও অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। পরিচালনা কমিটির সভাপতি জানান, অনিয়ম ধরা পড়ায় নিরীক্ষা করা হয়েছে এবং প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে জবাবদিহি নিশ্চিতের দাবি জোরালো হচ্ছে।