রাজধানীর মিরপুরে অবস্থিত -এর ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসের মালিকানা (ওনারশিপ ট্রান্সফার) সেকশনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, গাড়ির মালিকানা হস্তান্তর, নাম পরিবর্তন ও কাগজপত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে দালাল চক্রের শরণাপন্ন হতে হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয়। পরে দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত কাজ সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সূত্র জানায়, প্রতিদিন মালিকানা সেকশনে বিপুল সংখ্যক আবেদন জমা পড়লেও অধিকাংশ আবেদনকারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অভিযোগ রয়েছে, সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে একটি অসাধু চক্র নিয়মিত অবৈধ লেনদেন করছে।
সেবাগ্রহীতাদের ভাষ্যমতে, গাড়ির মালিকানা পরিবর্তনের ফাইল অনুমোদনের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও ফাইল বারবার ফেরত দেওয়া হচ্ছে। পরে নির্দিষ্ট দালালদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, মালিকানা সেকশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অফিসের আশপাশে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। তারা ফটোকপি দোকান, টাইপিং সেন্টার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোতে অবস্থান করে সেবাগ্রহীতাদের টার্গেট করছে।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যানের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে দালালদের প্রকাশ্য তৎপরতা কিছুটা কমলেও আড়ালে তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
এদিকে, সেবাগ্রহীতা ও সচেতন মহল মালিকানা সেকশনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।