রাজশাহীর গোদাগাড়ীর সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে ঘুষ নেওয়ার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৪ মে সরমঙ্গলা একতা মৎস্যচাষি সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে আগেই ৭ হাজার টাকা নেওয়া হয়েছিল।
পরে অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাঁদ পাতে। ওইদিন দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে।
রাজশাহী জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানান, আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাভোগের আদেশও দেওয়া হয়েছে।
দুদকের দাবি, মামলার সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে।