রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার সকালে কারাগার থেকে তাকে ঢাকার আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার অপর আসামি ও সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতে হাজির করা হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পর প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষে গত ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ করেন। পাশাপাশি আসামিপক্ষের আইনগত সহায়তার জন্য রাষ্ট্রীয় খরচে একজন আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।