খুলনা নগরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা। আহত অপরজন জাহিদ। দুজনই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের ভেতরে মাসুম বিল্লাহর সঙ্গে পারভেজ নামে এক ব্যক্তির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভেজ বাইরে থেকে পিস্তল এনে মাসুমকে গুলি করেন। তাকে রক্ষা করতে গেলে জাহিদও গুলিবিদ্ধ হন। অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।